গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় সোমবার রাতে মাল্টি ফ্যাবস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় ওই এলাকার ১০টি কারখানায় মঙ্গলবার ছুটি ঘোষাণা করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক আব্দুল খালেক জানান, সোমবার রাতে দুর্ঘনার পর মঙ্গলবার সকালে মাল্টি ফ্যাবস কর্তৃপক্ষ তাদের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ফটকে নোটিশ ঝুলিয়ে দিয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কারখানার পাশের কটন ক্লাব, ইসলাম নীট ওয়্যার, আলিম ফ্যাশন লিমিটেড, ডেল্টা ফ্যাশন, মাস্কো লিমিটেডসহ ১০টি কারখানা মঙ্গলবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘটনা তদন্তে দুই কমিটি, জেলা প্রশাকের অর্থ সহায়তা
ঘটনার পর পর গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলামকে প্রধান করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে সময় বেধে দেয়া হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- পুলিশ সুপার, গাজীপুরের প্রতিনিধি (অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার), শিল্প পুলিশের পুলিশ সুপারের প্রতিনিধি (অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক, বয়লার পরিদর্শক, কলকারখানা পরিদপ্তর, বিজিএমইএ’র প্রতিনিধি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।
গঠিত কমিটিকে বয়লার বিস্ফোরণে সংঘটিত দুর্ঘটনার কারণ, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ এবং ভবিষ্যতে এ ধরণের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা উল্লেখপূর্বক তদন্ত প্রতিবেদন গাজীপুরের জেলা প্রশাসক বরাবর দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়। গাজীপুরের জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে মরদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।
অপরদিকে ফায়ার ও সিভিল ডিফেন্সের সদর দফতরের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান হলেন- ফায়ার ও সিভিল ডিফেন্সের (ঢাকা) সহকারী পরিচালক দীলিপ কুমার ঘোষ। সাত কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর