দেশজুড়ে

যশোরে ফার্নিচার দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

যশোরে একতা ফরেন নামে এক ফার্নিচারের দোকান কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে শহরের জেলরোড এলাকার রিপন হোসেন মেম্বারের একতা ফরেন ফার্নিচারের দোকান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম ফরিদ হোসেন মন্টু সরদার। তিনি সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মবজেল হোসেন সরদারের ছেলে।স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা থেকে ফরিদ হোসেন মন্টু সরদারকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না। রাত ১০ টার দিকে শহরের জেল রোডের একতা ফরেন ফার্নিচারের দোকানের মধ্যে একটি ঝুলন্ত মরদেহ রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানা পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা পুলিশ নিশ্চিত না হলেও পরিবারের পক্ষে সরাসরি হত্যাকাণ্ড দাবি করা হয়েছে। ওই দোকান থেকে টাকা পয়সা  খোয়া গেছে কিনা তাও জানা যায়নি। তবে ঘটনার পর দোকান মালিক রিপন হোসেন পলাতক রয়েছেন।যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ হেমায়েত হোসেন বলেন, রিপন হোসেন মেম্বারের দুটি দোকান। একটি দোকানে ম্যানেজার ছিলেন মন্টু সরদার। আরেকটি দোকান শেখহাটি এলাকায়। শেখহাটি দোকানের ম্যানেজার জেলরোডের দোকানে এসে দেখেন সার্টারের একপাশ বন্ধ, অন্যপাশ খোলা। কিন্তু দোকানের বৈদ্যুতিক বাল্ব নেভানো। এসময় তিনি সুইস অন করলেই ফরিদ হোসেন মন্টুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে লোকজন খবর দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।মিলন রহমান/এসএস/পিআর