দেশজুড়ে

লবণের গর্তে প্রবাসী শিশুর মরদেহ

জন্ম সৌদি আরবে। বয়স বাড়তে থাকায় শিক্ষা অর্জনের লক্ষ্যে দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাবা-মা। কিন্তু বিদ্যালয়ে ভর্তিই হতে পারেনি শিশুটি। দেশে আসার এক মাসের মাথায় রহস্যজনকভাবে পানিতে ডুবে মারা গেছে অভিভাবকহীন শিশু মুহাম্মদ নাসের (৯)।

শনিবার সকালে কক্সবাজার সদরের চৌফলদন্ডীর নতুন মহাল এলাকায় পানি ভর্তি একটি লবণের গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত নাসের কক্সবাজার সদরের চৌফলদন্ডীর নতুন মহাল এলাকার আবু তাহের ও হাজেরা কাসেমের একমাত্র ছেলে। তারা দু’জনই সৌদি আরবে রয়েছেন।

স্বজনদের বরাত দিয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, পড়ালেখা করাতে প্রবাসী বাবা-মা গত ১২ জুন নাসেরকে দেশে তার চাচাদের কাছে পাঠান। অন্যদিনের মতো শুক্রবার বিকেলে পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল নাসের। কিন্তু সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। রাত অবধি খোঁজ না পেয়ে মাইকিং করা হয়। শনিবার সকালে মাছ ধরতে গিয়ে আবদুল আলীম নামে এক জেলে এলাকার দক্ষিণ পাশের লবণ মাঠের পানি ভর্তি খালে তাকে ভাসমান অবস্থায় দেখে স্বজনদের খবর দেয়। স্বজনরা মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।

তিনি আরও বলেন, বাবা-মা প্রবাসে থাকায় নাসেরের মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তাই ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নাসেরের অনাকাঙ্খিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে এ মৃত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। যেখানে তার মরদেহ পাওয়া গেছে খেলতে খেলতে ততদূর তার যাওয়ার কথা নয় বলে উল্লেখ করেন স্থানীয়রা।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস