দেশজুড়ে

পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

টঙ্গী থানা পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোমিন (২৪)। তিনি টঙ্গীর আউচপাড়া এলাকায় জনৈক হামিদ সরকারের মেয়ের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার কাশিনাথপুরে। তার বাবার নাম মোখলেছুর রহমান।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত জাগো নিউজকে জানান, দুর্বৃত্তরা বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর বেক্সিমকো রোডের পার্ল প্রিন্স পোশাক কারখানার পেছনে মোমিনকে চাপাতি, দাসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে ঢাকার উত্তরার সিনসিন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। পরে রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, এ ব্যাপারে নিহতের মা আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার সকালে টঙ্গী থানায় মামলা করেছেন। মোমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।                         মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস