দেশজুড়ে

চকরিয়ায় দুই ডাকাত দলের গোলাগুলি, সরদার নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই ডাকাতের সংঘর্ষে মোহাম্মদ বেলাল ওরফে লম্বা বেলাল (৪০) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে চকরিয়া লামা সড়কের কুমারির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মৃত মোহাম্মদ আলী ওরফে জাফর আলমের ছেলে।

চকরিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখিতয়ার উদ্দিন চৌধুরী জানান, দুই দল ডাকাতের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলালের মৃতদেহ উদ্ধার করে।  এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ এবং তিনটি খালি খোসা উদ্ধার করেছে।

নিহতের শরীরে গুলির চিহ্নের পাশাপাশি গলায় ধারালো ছুরির আঘাতও রয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

বেলালের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, অপহরণসহ নানা অপরাধে ১৬টি মামলা রয়েছে বলে জানান তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি