দেশজুড়ে

কোটালীপাড়ায় মাদকসহ ছাত্রলীগ নেতা আটক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম শেখকে (২০) মাদকসহ আটক করেছে পুলিশ। এছাড়াও বাবুল বিশ্বাস (৫০) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে করা হয়েছে।

আটক আসলাম শেখ উপজেলার উত্তরপাড় গ্রামের মিলু শেখের ছেলে এবং বাবুল বর্ষাপাড়া এলাকার জনো বিশ্বাসের ছেলে।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার উত্তরপাড় গ্রামের হেলাল মার্কেট থেকে আসলাম শেখকে এবং বৃহস্পতিবার সকালে বর্ষাপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী বাবুল বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে পুলিশ।

কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, দীর্ঘদিন ধরে আটকরা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে আসলাম ও বাবুলকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী বা বিক্রেতার ছাত্রলীগে স্থান নেই। আসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/জেআইএম