গাজীপুরে এক কলেজ ছাত্র অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ছাত্রের নাম মো. আব্দুল্লাহ (২২)। তিনি গাজীপুরের পশ্চিম ভূরুলিয়া এলাকার মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র। এ ব্যাপারে শনিবার রাতে অপহৃতের বাবা মো. আসলাম জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।অপহৃতের বাবা মো. আসলাম জানান, তিনি সপরিবারে গাজীপুর সিটি কর্পোরেশনের ভূরুলিয়া এলাকায় বসবাস করেন। শনিবার বিকেল ৩টার দিকে আব্দুল্লাহ তাদের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে রাত ৮টার দিকে তার ছেলের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যাক্তিরা ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় আব্দুল্লাকে মেরে মরদেহ গুম করার হুমকি দেন। পরে রাতে এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।তিনি আরো জানান, মুক্তিপণের টাকা চেয়ে রোববার সকালেও একাধিকবার ফোন করেছেন অপহরণকারীরা।জয়দেবপুর থানার পরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, খবর পেয়ে শনিবার রাতেই অপহৃতের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। অপহৃত উদ্ধারে অভিযান চলছে।মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর