দেশজুড়ে

যশোর ছাত্রলীগ সভাপতির বিয়ের কাবিননামা ভুয়া বললেন শ্বশুর

যশোর জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি রওশন ইকবাল শাহীর কাবিননামা ভুয়া বলে দাবি করেছেন কথিত স্ত্রীর বাবা এহসানুল কবির সাগর। সেই সঙ্গে তিনি বলেন, তার মেয়ের সঙ্গে ইকবাল শাহীর বিয়ে হয়নি।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন এহসানুল কবির সাগর। এ সময় তিনি বলেন, আমার মেয়ে ইসরাত আরা নাজনীন বিপাশার সঙ্গে শাহীর বিয়ের যে কাবিননামা রয়েছে সেটি ভুয়া। এহসানুল কবির সাগর যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামের মোবারক আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়ের বাবা এহসানুল কবির সাগর বলেন, ওই কাবিননামাটি ভুয়া। তার চার মেয়ে। একজনেরও বিয়ে হয়নি। দুই মেয়ে ঢাকায় থাকে। আর যে কাবিননামা নিয়ে আলোচনা হচ্ছে। সেটিতে ইসরাত বিপাশার বাবার নাম সাগর উদ্দিন লেখা রয়েছে। কিন্তু আমার নাম এহসানুল কবির সাগর। মেয়ের নাম ইসরাত আরা নাজনীন বিপাশা। যা জাতীয় পরিচয়পত্র ও সনদপত্রে রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এহসানুল কবির সাগর বলেন, স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ ও কিছু লোক আমার বাড়ি যাচ্ছে। এরপর জানতে পারি মেয়ের বিয়ে সংক্রান্ত বিষয়। যা আমার এবং মেয়ের মান সম্মানের ব্যাপার। তাই আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রত্যাশা করছি। এই রকম অপবাদ আর যেন না হয়। বিয়ে সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, আমার মেয়ে ইসরাত আরা নাজনীন বিপাশা সরকারি এমএম কলেজ থেকে মাস্টার্স শেষ করে ঢাকায় চাকরি করছে। মেজো মেয়ে ঢাকা ইডেন কলেজে পড়াশোনা করে। চার মেয়ের মধ্যে একজনেরও বিয়ে হয়নি। তবে রওশন ইকবাল শাহীর সঙ্গে বেশ কয়েক বছর আগে মেয়ের সম্পর্ক ছিল। কিন্তু আমি রাজি না থাকায় বিয়ে হয়নি।

প্রসঙ্গত, গত ১০ জুলাই যশোর জেলা ছাত্রলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে রওশন ইকবাল শাহী ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

এই সম্মেলনের পর একটি পক্ষ অভিযোগ তোলে নব-নির্বাচিত সভাপতি রওশন ইকবাল শাহী বিবাহিত। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারে না।

ওই পক্ষটি এই অভিযোগের পক্ষে একটি কাবিননামাও কেন্দ্রে জমা দিয়েছে। ওই কাবিননামা অনুযায়ী, যশোর সদর উপজেলার দাইতলা ফতেপুর এলাকার সাগর উদ্দিনের মেয়ে ইসরাত বিপাশার সঙ্গে ২০১৩ সালের ২৩ মার্চ রওশন ইকবাল শাহীর বিয়ে হয়। তবে ছাত্রলীগ সভাপতি রওশন ইকবাল শাহী দাবি করেন, কথিত ওই কাবিনটি ভুয়া। তিনি বিবাহিত নয়।

মিলন রহমান/এএম/আরআইপি