বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন যশোরের একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক হুমায়ুন কবির এ গ্রেফতারি পরোয়ানা জানি করেন।
মামলার আসামিরা হলেন এসএস টিভির চেয়ারম্যান ফরিদা পারভীন, এমডি সালাহ উদ্দীন আহম্মেদ, ডিএমডি সেলিনা আক্তার, পরিচালক নূরে আলম রুবেল, শিরিন আক্তার ও সামছুর আলম।
এসএ টিভির সাবেক জেলা প্রতিনিধি অনুব্রত সাহা মিঠুনের দায়েরকৃত মামলায় আদালত এ আদেশ দেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী দেবাশীষ দাস।
মামলা সূত্রে জানা গেছে, অনুব্রত সাহা মিঠুন গত বছরের ১৯ ডিসেম্বর এসএ টিভি থেকে অব্যাহতি নেন এবং পরিচয়পত্র, লোগোসহ যাবতীয় মালামাল ফিরিয়ে দেন।
কিন্তু এরপর ২৩ ডিসেম্বর এসএ টিভি কর্তৃপক্ষ একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মিঠুনের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে। এ ঘটনায় মিঠুন বাদী হয়ে ২৬ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল আমলি সদর আদালতে একটি মামলা করেন। ওই মামলায় এসএ টিভির চেয়ারম্যান ও এমডিসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
মিলন রহমান/এএম/জেআইএম