দেশজুড়ে

টেকনাফে ইয়াবা চোরাকারবারীর হামলায় যুবক খুন

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মাদক ব্যবসায়ীর হামলায় যুবক খুনের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলার লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম হেলাল উদ্দিন (৩৫)। তিনি হ্নীলার পশ্চিম লেদা এলাকার আবুল কাসেমের ছেলে ও চার কন্যা সন্তানের জনক।

স্থানীয় সূত্র জানায়, লেদা এলাকার মৃত আমীর আলীর ছেলে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ইউনুছ, ইউসুফ ও মুন্নার নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী-পাচারকারী চক্র পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হেলালকে গুরুতর আহত করে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেয়ার পথে ওই যুবক মারা যান।

নিহতের স্ত্রী সমমেরাজ জানান, ট্যাবলেট বেয়ারী ইউসুফ, ইউনুছ, মুন্নার নেতৃত্বে ১০/১২ জন যুবক আমার স্বামীকে হত্যা করেছে।

টেকনাফ হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার শুভন দাশ জানান, হাসপাতালে আনার আগেই হেলালের মৃত্যু হয়েছে। 

স্থানীয় মেম্বার নুরুল হুদা ও মর্জিনা আক্তার ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় হেলাল ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসি তদন্ত মো. আশরাফুজ্জামান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এমএএস/এমএস