টানা বর্ষণে পাহাড়ধসের কারণে কক্সবাজারের চকরিয়া-লামা সড়কে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার গভীর রাতে চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা পর্যটন স্পটের কাছে বদুঝিরি এলাকায় পাহাড় ধসে পড়ে। এরপর থেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু জানান, চকরিয়া-লামা সড়কে মঙ্গলবার সকাল থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু হয়েছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের লোকবল কম ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় মাটি সরাতে সারাদিন সময় লেগে যেতে পারে। লামা উপজেলা প্রশাসন, দমকল বাহিনী, সওজ‘র লোকজনসহ একসঙ্গে কাজ করছে।
তিনি আরও জানান, সকালে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায়ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসত ঘর মাটি চাপা পড়েছে। তবে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, টানা বৃষ্টিতে মঙ্গলবার ভোরে কক্সবাজারে পৃথক পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে। শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরএআর/এমএস