দেশজুড়ে

পেকুয়া বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেকুয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। পেকুয়া উপজেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদনের একদিনের মাথায় তিনি প্রেসনোটের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির দফতর সম্পাদক কর্তৃক পেকুয়া উপজেলা বিএনপির নতুন কমিটির (আংশিক) অনুমোদন দেয়া হয়। সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

উল্লেখ্য, শাফায়েত আজিজ রাজু বিএনপি থেকে পরপর দুই বার পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

তবে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, তার পদত্যাগের বিষয়ে লিখিতভাবে জানানো হয়নি। পদত্যাগের কারণও আমার কাছে স্পষ্ট নয়।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে আমার মনে হচ্ছে মান-অভিমান থেকে এটি হচ্ছে। আশা করি বিষয়টি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম