দেশজুড়ে

১৬ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৭

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে কোস্টগার্ড ও টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ সময় একটি মাছ ধরা ট্রলার ও মালবাহী ট্রাক জব্দ করা হয়। সেই সঙ্গে মিয়ানমারের ৬ জেলেসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার জাফর আলম সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পয়েন্টে মিয়ানমার থেকে একটি ট্রলার জলসীমা অতিক্রম করায় বঙ্গোপসাগরে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও ধাওয়া করে মাছ ধরা ট্রলার জব্দ করা হয়।

ট্রলারে থাকা মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার মেয়রকূল পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে নাজির আহমদ (৬৫), মৃত সোলতান আহমদের ছেলে রহিম উল্লাহ (৫০), মৃত হাবিবুলের ছেলে মো. করিম (১৭), মৃত কাদের আহমদের ছেলে এনামূল হোসেন (১৬), মৃত মোহাম্মদের ছেলে মো. রফিক (১৪) ও মৃত রহিম উল্লাহর ছেলে মো. ফারুককে (১৫) গ্রেফতার করা হয়।

পরে তল্লাশি করে ট্রলারের বিভিন্ন অংশে পাচারের জন্য লুকানো অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

আটকদের বিরুদ্ধে মাদক বহন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট সদস্যরা অভিযান চালিয়ে ১৯ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারগামী মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা এসব ইয়াবা পাওয়া যায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে উখিয়ার পূর্ব শিকদার বিলের মৃত ফয়জুর রহমানের ছেলে মো. মঞ্জুরুল আলমকে গ্রেফতার করা হয়।

এ সময় হিনো ট্রাক, বার্মিজ আদা, মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়। ইয়াবাসহ জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়ছেন ৩৪-বিজিবির অতিরিক্ত পরিচালক ইকবাল আহমেদ।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম