কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ হাজার মিটার নিষিদ্ধ জাল ও অবৈধভাবে আহরিত পাঁচ লাখ চিংড়ি পোনা জব্দ করেছে জেলা মৎস্য অধিদফতর। চিংড়ি পোনা আহরণ বন্ধ ও সমুদ্রের জীববৈচিত্র রক্ষায় জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
অভিযানে নেতৃত্বদানকারী রামু উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে কক্সবাজার পৌরসভা সংলগ্ন সমুদ্র সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে অভিযান শুরু করে। মাদরাসা পয়েন্ট, শৈবাল পয়েন্ট, লাবনী-সুগন্ধা ও কলাতলী পয়েন্ট পেরিয়ে দরিয়া নগর, হিমছড়ি ও রামু উপজেলার পেঁচার দ্বীপ সৈকত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী এ অভিযানে এক হাজার মিটার নিষিদ্ধ মশারি জাল, ১০ হাজার মিটার চরঘেরা জাল ও অবৈধভাবে আহরিত পাঁচ লাখ বাগদা চিংড়ি পোনা জব্দ করা হয়।
অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে আহরণকারীরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত পোনা সাগরে অবমুক্ত করে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের সদস্যরা অভিযানে সহায়তা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবদুল আলীম জানান, সমুদ্রের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি