কক্সবাজারের উখিয়ায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায় আদালত।
মামলার বাদীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, আদালত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি করার অপরাধে আসামিদের জেল হাজতে প্রেরণ করেছে।
অপর আইনজীবী অ্যাডভোকেট খাইরুল আমিন জানান, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, কক্সবাজার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলমের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে মিথ্যা, ভুয়া, আপত্তিকর, উস্কানিকমূলক এবং মানহানিকর লেখা প্রচার করা হয়।
এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিকার চেয়ে চেয়ারম্যান শাহ আলম বাদী হয়ে গত ২৪ জুন অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করে।
ওই মামলায় আসামিরা হলেন- উখিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, জসিম আজাদ, শফিউল্লাহ শাহীন, জামাল মাহমুদ ও মেম্বার রফিক আহমদ।
মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করে।
মামলার বাদী চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমিসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ও জেলার উচ্চ পদস্থ কর্মকর্তার ভাবমর্যাদা ক্ষুণ্ন এবং মানহানি করার উদ্দেশ্যে ভুয়া আইডি খুলে পরিকল্পিতভাবে মনগড়া এবং কাল্পনিক মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে আসামিরা। ফলে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়।
সায়ীদ আলমগীর/এএম/এমএস