কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় পুকুরে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম করিম উল্লাহ (১৫)। সে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার আমির হোছাইনের ছেলে ও বড়ডেইল হোছাইনিয়া ফয়েজুল উলুম মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও মাদরাসার পরিচালক মুফতি কিফায়তুলাহ শফিক জানান, ঈদুল আজহা উপলক্ষে সকাল ১০টায় মাদরাসা ছুটি ঘোষণা করা হয়। ছাত্ররা নিজেদের কাপড় চোপড় ও থালা বাসন পরিষ্কার করতে মাদরাসার পুকুরে যায়।
ধারণা করা হচ্ছে করিম উল্লাহও কোন এক সময়ে পুকুরে থালা বাসন ধুতে যায়। অপর একজন ছাত্রও পুকুরে গেলে নিহতের স্যান্ডেল ও থালা বাসন পুকুর ঘাটে পড়ে থাকতে দেখে শিক্ষকদের খবর দেয়।
পরে শিক্ষক ও ছাত্ররা পুকুরে খুঁজাখোঁজি করে করিম উল্লাহকে উদ্ধার করে এবং টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইসমাইল আজাদ মৃত ঘোষণা করেন। তার মাথায় ও পিঠে সামান্য আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম