দেশজুড়ে

কুমিল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বকেয়া বেতন-ভাতার দাবিতে কুমিল্লা ইপিজেডে ওয়াসিস নামে একটি জ্যাকেট কোম্পানির শ্রমিকদের সঙ্গে মালিক ও পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার বিকেল থেকে শুরু হয়ে দফায় দফায় এ সংঘর্ষ চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। জানা যায়, কুমিল্লা ইপিজেডে ওয়াসিস নামে একটি জ্যাকেট কোম্পানিতে প্রায় ২ হাজার শ্রমিকের গত ৩ মাসের বেতন বকেয়া রয়েছে।

শ্রমিকরা এ নিয়ে একাধিকবার মালিক পক্ষকে অনুরোধ করলেও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। এতে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিক পক্ষের কোনো সন্তোষজনক আশ্বাস না পেয়ে বুধবার বিকেলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে।

একপর্যায়ে শ্রমিকরা ইপিজেডের উত্তর গেটে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। খবর পেয়ে ইপিজেড পুলিশ ফাঁড়ির পুলিশ ও ওই কোম্পানির মালিক পক্ষের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। পরে ইপিজেড কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বেতন পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে কুমিল্লা ইপিজেডের উপ-মহাব্যবস্থাপক (অর্থ) আনিসুর রহমান জানান, কিছু অসাধু ওয়ার্কারের উশৃঙ্খল আচরণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, মালিক পক্ষের সঙ্গে ইপিজেডের পক্ষ থেকে কথা হয়েছে। বৃহস্পতিবার মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস