দেশজুড়ে

গৃহবধূ শান্তা হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

আফসানা আক্তার শান্তার (২৮) ঘাতক স্বামী শাহ আলম মিঠুকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নিহতের পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠন।

রোববার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নিহত শান্তা কুমিল্লা নগরীর কাশারীপট্টি এলাকার আনোয়ার হোসেন বেলালের মেয়ে এবং শান্তার ঘাতক স্বামী শাহ আলম মিঠু চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকার বাসিন্দা।

প্রতিবাদ সমাবেশে শান্তার বাবা আনোয়ার হোসেন বেলাল বলেন, ৭ বছর আগে শান্তার সঙ্গে মিঠুর বিয়ে হয়। গত কয়েক বছর ধরে মিঠু পরকীয়ায় জড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় মিঠু বিভিন্ন সময়ে শান্তাকে মারধর করে কুমিল্লায় তার বাবার বাড়িতে পাঠিয়ে দিতেন। এছাড়া মিঠু বিয়ের কয়েক বছর পরে মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েন। এসব ঘটনায় তিনি কারাবরণও করেন।

তারা জানান, গত ১৬ সেপ্টেম্বর সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকার বাসায় শান্তার মরদেহ খাটের ওপর রেখে তার স্বামী পালিয়ে যান। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।

পরে ১৭ সেপ্টেম্বর রাতে শান্তার মরদেহ কুমিল্লায় এরে নগরীর টিক্কাচরে দাফন করা হয়। ঘটনার ৯ দিন অতিক্রান্ত হলেও ঘাতক মিঠু এখনও গ্রেফতার হয়নি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর নুরজাহান আলম পুতুল, মানবাধিকার কর্মী ফরিদা আক্তার ডলি, কামাল হোসেন, উম্মে হাবিবা শিপু, মমতাময়ী জোসনা আক্তার, আল আমিন খান প্রমুখ।

এছাড়া মানববন্ধনে নগরীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ কুমিল্লা নাট্যদল, কুমিল্লা ম্যাটস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে শান্তার ঘাতক স্বামী মিঠুকে গ্রেফতারের জন্য দাবি জানান।

মো. কামাল উদ্দিন/এএম/আইআই