নাশকতা মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ুবসহ ১৪ আসামির বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে।
পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় যশোর জেলা জজ আদালতে সোমবার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৪ জানুয়ারি রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার হোটেল সানমুনে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে টিএস আইয়ুব ও বিএনপির কিছু নেতাকর্মীকে আটক করা হয়। পুলিশ দাবি করে, আটক নেতাকর্মীদের কাছ থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
এ মামলার তদন্ত শেষে টিএস আইয়ুবসহ বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সোমবার যশোর জেলা জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। একইসঙ্গে আদালতে হাজির থাকা আসামিদের জামিনও মঞ্জুর করেন আদালত।
মামলার প্রধান অভিযুক্ত বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব দাবি করেছেন, পুলিশ ওইদিন ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতাকর্মীদের আটক করলেও কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। মামলাটি সাজানো নাটক।
মিলন রহমান/এএম/আইআই