যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন যশোরের ঝিকরগাছা এলাকার শেখ সুমন ও বেনাপোলের কাগজ পুকুর এলাকার কামরুল ইসলাম। যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
এসব ইয়াবা চট্টগ্রাম থেকে যশোরের বেনাপোলে আনা হচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান।
মিলন রহমান/এএম/জেআইএম