ভারত থেকে ফেরার পথে কয়েকজন নারীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটকরা ক্ষমতাসীন দলের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। এদের মধ্যে ডালিম নামে একজনের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে ছিনতাই ও নির্যাতনের শিকার এক নারীর অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ডালিম (৩৫), মান্নান মোড়লের ছেলে নেদু (৩২) ও শহিদুলের ছেলে লিটন (৩৬)।স্থানীয়রা জানায়, শনিবার কয়েকজন নারী সীমান্তের অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়। পরে রোববার সকালে বিএসএফ তাদেরসহ আরো কয়েকজন নারী-পুরুষকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। এ সময় সাদিপুর গ্রামের ওই সন্ত্রাসীরা তাদের ধরে স্থানীয় একটি বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন এবং সঙ্গে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। একপর্যায়ে হুমকি দিয়ে তাদের এলাকা ছাড়তে বলা হয়। এ সময় অন্যান্যরা ভয়ে বাড়ি ফিরে গেলেও একজনের আত্মীয় বেনাপোলের ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং এসব ঘটনা খুলে বলে। পুলিশ ওই নারীর অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারীদের অস্ত্রসহ আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারের একটি অংশ উদ্ধার করা হয়।অভিযোগকারী নারীর আত্মীয় উপজেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানায়, থানায় ওই তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ দেওয়া হয়েছে।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে ডালিমের নামে অস্ত্র ও ছিনতাইসহ আরো কয়েকটি মামলা রয়েছে। জামাল হোসেন/এআরএ/আরআইপি