দেশজুড়ে

গাজীপুরে এক পিস ইয়াবাসহ কারারক্ষী আটক

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারা ক্যাম্পাস হতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে এক কারারক্ষীকে হাতে নাতে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অপর দুই কারারক্ষী পলাতক। এসময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার টাকা জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যায় তাকে জয়দেবপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। আটক কারারক্ষীর নাম পলাশ হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকার গোলাম মোস্তফার ছেলে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, মাদক সংশ্লিষ্টতার কারণে প্রায় তিন মাস আগে শরীয়তপুর জেলা কারাগারের কারারক্ষী পলাশ হোসেনসহ তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকৃত পলাশকে গাজীপুর জেলা কারাগারে সংযুক্ত করা হয়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় গোয়েন্দা বিভাগের লোকজন তার ওপর নজর রাখছিল। কারা সূত্র জানায়, শুক্রবার রাতে পলাশ গাজীপুর জেলা কারাগার এলাকা থেকে গোপনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ক্যাম্পাসে যায়। সেখানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের রক্ষী মো. মজনুকে সঙ্গে নিয়ে পলাশ হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অপর কারারক্ষী রাকিব হোসেনের বাসায় যায়। কারা ক্যাম্পাসের এ বাসায় বসে তারা ইয়াবা সেবন ও বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র জেল সুপারের নির্দেশে সেখানে অভিযান চালায় কারারক্ষীদের একটি টিম।

এসময় তারা পলাশকে আটক করতে পারলেও মিজানুর রহমান ও রাকিব পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শনিবার জয়দেবপুর থানায় অভিযোগ দেয়া হয়। সন্ধ্যায় আটক পলাশকে জয়দেবপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২১ সেপ্টেম্বর মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে হাইসিকিউরিটিসহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২ এর ৫ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও একজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হয়।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি