গাজীপুর সিটি কর্পোরেশনের (গসিক) ২০১৫-২০১৬ অর্থ-বছরের এক হাজার ৪১৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এ বাজেট ঘোষণা করেন। এ বারের প্রস্তাবিত বাজেটে এক হাজার ৪১৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯২৬ টাকা আয়, ১৩৯২ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৯০৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে ২১ কোটি ৫০ লাখ ৬২ হাজার ২২ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। বাজেটে সর্বোচ্চ আয়ের খাত ধরা হয়েছে বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) অনুদান হতে ৯১৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৭১১ টাকা। এছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ২৮৭ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা এবং উন্নয়ন সরকারি খাতে ১২০ কোটি টাকা। বাজেট বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরন বলেন, গাজীপুর সিটিকে পরিবেশ বান্ধব একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষে সকল কাউন্সিলর ও নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক। এ সময় আরো বক্তব্য রাখেন সাংসদ মো. জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।উল্লেখ, ২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছর ১৮ আগস্ট মেয়র অধ্যাপক এমএ মান্নান ও ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন নারী কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বিভিন্ন মামলায় নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকায় এবার সিটি কর্পোরেশনের দ্বিতীয় বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি