দেশজুড়ে

যশোরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

যশোরের সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলার চার্জশিটটভুক্ত আসামি সদর উপজেলার ইছালী ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত চেয়ারম্যান এসএম আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার দুপুরে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আফজাল হোসেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনকে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া এলাকায় গুলি করে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। ওই চার্জশিটের অন্যতম আসামি ইছালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বড় রাজাপুর গ্রামের এসএম আব্দুল গফুরের ছেলে এসএম আফজাল হোসেন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও আছেন।

গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালত কর্তৃক চেয়ারম্যান আফজাল হোসেনের বিরুদ্ধে বিচারাধীন হত্যা মামলার চার্জশিট গৃহীত হওয়ায় তার ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু চেয়ারম্যান আফজাল হোসেনের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চিঠিতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

মিলন রহমান/এএম/জেআইএম