দেশজুড়ে

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ খুলছে বুধবার

মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ আগামী বুধবার খুলবে। সোমবার থেকে কলেজের হল খুলে দেয়া হয়েছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আসাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পরিচালক ডা. সৈয়দ মো. হাবিবুল্লাহ জানান, গত মঙ্গলবার মেডিকেল কলেজ বন্ধ ঘোষণার পর সোমবার মেডিকেল কলেজে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, মেডিকেল কলেজের পরিচালক, কলেজের অধ্যক্ষ, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, পুলিশ ও শিক্ষার্থীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে সংঘর্ষ এবং হাসপাতাল ভাঙচুরের পর উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি