দেশজুড়ে

কুমিল্লায় পুলিশের মামলায় ৪ বিএনপি নেতা গ্রেফতার

কুমিল্লায় দেড় শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপি ও অংগ সংগঠনের এসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার এ মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে ৪ যুবদল ও ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে।

জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে যুবদল-ছাত্রদল। এ সময় পুলিশ ওই মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে।

এনিয়ে রাতে পুলিশ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করে। পরে রাত সাড়ে ১১টার দিকে মামলার এজহার নামীয় আসামি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সারোয়ার জাহান দোলন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন ও ফয়সল উর রহমান পাবেলসহ ৪ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, গ্রেফতাররা পুলিশের উপর হামলা এবং নাশকতায় জড়িত। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

কামাল উদ্দিন/এফএ/আইআই