শ্রদ্ধা আর ভালোবাসায় নিজ নির্বাচনী এলাকার লোকজন অশ্রুশিক্ত নয়নে তাদের প্রিয়জন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম.কে আনোয়ারকে চির বিদায় দিয়েছেন।
নিজ নির্বাচনী এলাকায় (হোমনা-তিতাস) চতুর্থ ও ৫ম নামাজে জানাজা শেষে বুধবার বাদ আসর তাকে হোমনা উপজেলা সদরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ঢাকা থেকে মরহুমের মরদেহ তার নির্বাচনী এলাকায় আনার পর প্রথমে দুপুর সোয়া ২টায় তিতাস উপজেলার গাজীপুর খান মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং বাদ আসর ৫ম জানাজা অনুষ্ঠিত হয় হোমনা উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে।
এসময় দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুটি জানাজায়ই পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে মাহমুদ আনোয়ার।
জানা যায়, দুপুর ১২টা থেকেই হোমনা ও তিতাস উপজেলার উভয় জানাজাস্থলে হোমনা-তিতাস ছাড়াও আশপাশের উপজেলা ও জেলা থেকে লোকজন সমবেত হয়। উভয় জানাজায় মানুষের ঢল নামে। এসময় অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। নামাজে জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, জাতীয় পার্টির স্থানীয় এমপি আমির হোসেন, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, বিএনপি নেতা মোস্তাক মিয়া, অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, হোমনা উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
উল্লেখ্য, এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন। গত সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজিউন)। তিনি ১৯৫৩ সালে তৎকালীন সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি তৎকালীন পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এম কে আনোয়ার ১৯৯০ সালের ৩০ ডিসেম্বর রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ক্যাবিনেট সচিবের দায়িত্বে থাকা অবস্থায় অবসরে যান। চাকরি থেকে অবসর নেয়ার পর ১৯৯১ সালের জানুয়ারিতে তিনি বিএনপির রাজনীতিতে যোগদান করেন। জেলার হোমনা আসন থেকে তিনি পাঁচ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দু’বার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. কামাল উদ্দিন/এমএএস/জেআইএম