গাজীপুরের কালিয়াকৈরে গণপিটুনিতে অজ্ঞাত এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় অপর দুই ছিনতাইকারী আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহত ছিনতাইকারীরা হলেন, কালিয়াকৈরের চাতলভিটি গ্রামের কলিম উদ্দিনের ছেলে নাছির হোসেন (৩০) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে মোফাজ্জল হোসেন (২৫)। তাদের পুলিশ হেফাজতে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, সকালে তিন ছিনতাইকারী চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লোকজনের পথরোধ করে ছিনতাই করছিল। এ সময় ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন ধাওয়া করে ওই তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক এক ছিনতাইকারীকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি