ছাত্রী ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাহফুজ আল হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পড়াশুনার সুবাদে শহরের পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন ওই শিক্ষার্থী। বছর দুয়েক আগে থেকে শিক্ষক তার বাসায় আসা-যাওয়া করতেন। আর এ সূত্র ধরে তাকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেন তিনি। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করা হয়। কিন্তু বিয়ের প্রলোভন দেখালেও শেষ পর্যন্ত শিক্ষক তাকে বিয়ে করতে রাজি হননি। বাধ্য হয়ে তিনি গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন শিক্ষার্থী। তার অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ইকবাল কবির জাহিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। প্রায় চার মাস পরও তদন্ত কমিটি কোনো রিপোর্ট দিতে পারেনি। এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখাও অভিযোগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মহিলা পরিষদের অভিযোগের পরেও কোনো ব্যবস্থা না হওয়ায় গত ১৯ জুন কোতোয়ালি থানায় ওই ছাত্রী মামলা করেন। মামলার পর এ নিয়ে ক্যাম্পাসে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এরপর ২০ জুন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়। মিলন রহমান/এআরএ/আরআইপি