ফতুল্লায় মাদক ব্যবসার বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষের অন্তত ১৮টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে নন্দলালপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দলালপুর রেললাইন এলাকায় স্বাধীন ও মুন্না গ্রুপের মধ্যে মাদক ব্যবসার প্রভাব বিস্তার নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে শনিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বাধীন গ্রুপের স্বাধীন, আরিফ, রবিনসহ অন্তত ৬ জন ছুরিকাঘাতে আহত হয়।
এরপর স্বাধীন গ্রুপের লোকজন ওই এলাকার প্রায় ১৮টি বাড়ি ভাঙচুর করে। সন্ত্রাসীদের এ তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। দুই গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তরা মামলা করলে নেয়া হবে নতুবা পুলিশ বাদী হয়ে মামলা করবে।
শাহাদাত হোসেন/এফএ/এমএস