দেশজুড়ে

‘উপরের নির্দেশ, কুমিল্লা থেকে ঢাকায় যাবে না কোনো বাস’

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।

রোববার সকাল থেকে এ জেলার ঢাকাগামী সব গণপরিবহন বন্ধ করে দেয়া হয়। এ সময় নগরীর শাসনগাছা, জাঙ্গালিয়া ও পদুয়ার বাজার ক্যান্টনমেন্ট, চান্দিনা, ইলিয়টগঞ্জ এলাকার স্টেশনে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। বিএনপির সমাবেশের নির্ধারিত সময় শেষে বিকেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্র জানায়, রোববার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লা থেকে ঢাকাগামী গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে নগরীর শাসনগাছা, জাঙ্গালিয়া বাস টার্মিনালে হাজার হাজার ঢাকাগামী যাত্রী এসে ভিড় জমায়। এ সময় বাস চলাচল বন্ধ দেখে বিপাকে পড়েন যাত্রীরা।

কোনো প্রকার ঘোষণা ছাড়াই এসব যানবাহন বন্ধ থাকায় ঢাকাগামী সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। যাত্রীরা দিনভর টার্মিনালে ও রাস্তায় অপেক্ষার পর বিকেলের দিকে বাস চলাচল শুরু হলে ঢাকা অভিমুখে রওয়ানা হয়। এদিকে দিনভর যাত্রীবাহী গণপরিবহন চলাচল না করলেও পণ্যবাহী পরিবহন চলাচল ছিল স্বাভাবিক।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, সরকার জনস্রোতের ভয়ে ভীত হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

কুমিল্লা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান টিটু বলেন, ঢাকা গেলে বাস ক্ষতিগ্রস্ত হতে পারে তাই চালক-হেলপাররা বাস চালাতে চাইছেন না।

এশিয়া পরিবহনের মালিক জলিশ আবদুর রব বলেন, উপর থেকে নির্দেশ দেয়া হয়েছে। কুমিল্লা থেকে ঢাকা যেতে পারবে না কোনো বাস। তবে ঢাকা থেকে বাস কুমিল্লায় আসতে পারবে। তাই আমরা গাড়ি বের করতে দিইনি।

মো.কামাল উদ্দিন/এএম/আরআইপি