দেশজুড়ে

জিয়া পাকিস্তানের এজেন্ট ছিলেন : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকবাহিনীর সঙ্গে কখনো যুদ্ধ করেননি। যুদ্ধের সময় তিনি পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন।

বুধবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে জেলার আদর্শ সদর উপজলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, জাতির জনককে হত্যার পর জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে দালাল আইনের মাধ্যমে সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীকে জেল থেকে মুক্ত করেছেন। গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে দেশের মুক্তিযুদ্ধের সব চিহ্ন মুছে দেন।

তিনি আরও বলেন, দেশে বিএনপি জামায়াত এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। রামু, নাসিরনগর ও রংপুরের ঘটনায় এ চক্রই জড়িত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে হানিফ বলেন, মওদুদ নষ্ট ও ডিগবাজি দেয়া নেতা।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে এ দলের নেত্রী খালেদা জিয়াকে নির্বাচনে নিতে আমাদের নেত্রী তাকে (খালেদা জিয়া) ফোন করলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। তাদেরকে স্বরাষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব নিতেও প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু বিএনপি নির্বাচনে না এসে দেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে বিদেশ থেকে চাপ দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে ।

সম্মলেন বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, শিগগিরই ঢাকা-চট্টগ্রাম রেল পথের ডাবল লাইল চালু হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা-কুমিল্লা- চট্টগ্রাম রেল সড়কে বুলেট ট্রেন চালুর বিষয়ে সমীক্ষা চালানো হচ্ছে।

এর আগে সকালে সম্মেলনের উদ্বাধন করেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক শামীম।

আদর্শ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক কাজী আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কাজী মোজাম্মল হক চেয়ারম্যান প্রমুখ।

পরে অধ্যাপক আবুল বাশারকে সভাপতি এবং তারিকুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির নাম ঘোষণা করেন এমপি হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার।

মো কামাল উদ্দিন/আরএআর/জেআইএম