দেশজুড়ে

সিভিল সার্জনকে কারাদণ্ড দেয়া ঠিক হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সামান্য একটা ঘটনায় একজন সাবেক সিভিল সার্জনকে কারাদণ্ড দেয়া সমীচীন হয়নি। এতে চিকিৎসকদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে ১০ দিনব্যাপী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

লক্ষ্মীপুর ডিসি কলোনির ভেতরে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত কাকলি শিশু অঙ্গন বিদ্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে সোমবার সাবেক সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি হয়।

এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে সালাহ উদ্দিন শরীফকে ‘অসদাচরণের দায়ে’ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সালাহ উদ্দিন শরীফকে মঙ্গলবার পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন দেয় আদালত।

নাসিম বলেন, আমি শুনেছি একজন সাবেক সিভিল সার্জনের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সাবেক সিভিল সার্জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেয়া হয়েছে। একজন অভিজ্ঞ চিকিৎসক, অবসরপ্রাপ্ত একজন সিভিল সার্জনকে কারাদণ্ড দেয়াটা সঠিক হয়নি।

বিষয়টি জেনে তাকে দ্রুত ছেড়ে দেয়ার জন্য আইনমন্ত্রীকে বলেছি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রশাসনেও আমাদের কর্মকর্তা, চিকিৎসকরাও আমাদের কর্মকর্তা। তারা সবাই জনগণের সেবা দিচ্ছেন। সামান্য কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি সঙ্গে সঙ্গে এভাবে ব্যবস্থা নেয়া হয়, তবে রিয়েকশন আসবে। আমার মনে হয় এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মালয়েশিয়া হাই কমিশনের পরামর্শদাতা ইধাম জুহরি মো. ইউনুস। এতে উপস্থিত ছিলেন- গাজীপুরের সিভিল সার্জন অধ্যাপক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জায়তুন বিনতি সুলাইমান ও মেডিকেল ডিরেক্টর ডা. রাজীব হাসান প্রমুখ।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস