কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গার ছুরিকাঘাতে আরেক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুর ১টার দিকে কুতুপালং লম্বাশিয়া এলাকার ক্যাম্প-৩ ডি.ডি হাফ জোনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মমতাজ উদ্দিন (৪৭)। তিনি কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-৩ ডি.ডি হাফ জোনের বাসিন্দা ছিলেন। ঘটনায় জড়িত ঘাতক আরিফ উল্লাহকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার ওসি (তদন্ত) মাকসুদ আলম জানান, আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মমতাজের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, রোহিঙ্গারা দিন দিন হিংস্র হয়ে উঠছে। একে অপরের সঙ্গে মারামারি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের ওপরও তারা কারণে-অকারণে চড়াও হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা বলেন, মিয়ানমারে থাকাকালীন উভয়ের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম