গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুর্বাটি এলাকায় এক নারীকে হত্যার দায়ে আলমগীর (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর (৩২) কালীগঞ্জ উপজেলার ছোট দেওলিয়া এলাকার মৃত সফুর উদ্দিনে ছেলে। ওই নারী হলেন একই উপজেলার দুরর্বাটি এলাকার নবির হোসেনের স্ত্রী সাজেদা বেগম (৩৫)। আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৫ আগস্ট রাতে কালীগঞ্জ উপজেলার দুর্বাটি এলাকায় নবির হোসেনের ঘরে চুরি করতে যায় আলমগীর। এ সময় তার স্ত্রী সাজেদা বেগম আলমগীরকে দেখে ফেলে। পরে আলমগীর শাবল দিয়ে সাজেদাকে আঘাত করে হত্যা করে। এ ঘটনার পর নিহত সাজেদার স্বামী নবির হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার আলমগীরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।
আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম