বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ৫০কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হওয়ায় থেমে থেমে চলছে গাড়ি। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা বৃদ্ধি আর অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে এ মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। এদিকে, পুলিশ প্রশাসনের তেমন নজরদারি চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে। তবে যানজট নিরসনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ দাবি করেছেন।সরজমিনে দেখা যায়, ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল ধীরগতিতে থাকলেও ঢাকাগামী যান চলাচল একেবারেই থমকে রয়েছে। কোথাও গরু ভর্তি ট্রাক বিকল হয়ে পড়ে রয়েছে। আবার কোথাও দাঁড়িয়ে চালক ঘুমাচ্ছেন।ঢাকা থেকে সিরাজগঞ্জগামী এসআর পরিবহনের এক যাত্রী আরেফিন হক জানান, ঈদ- উল-ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত যে নিষেধাজ্ঞা ছিল, মহাসড়কে ঈদের তিনদিন আগে ও পড়ে কোন প্রকার ট্রাক ও কাভার্ড ভ্যান চলবে না। অথচ দেখা যাচ্ছে এখন পর্যন্ত গরুভর্তি ট্রাক মহাসড়কে চলাচল করছে এবং সেই ট্রাক বিকল হয়ে যানজটের সৃষ্টি করছে।উত্তরবঙ্গগামী একজন গাড়ি চালক জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগের তুলনায় এবার যানজট অনেকটা কম। কিন্তু নিয়ম না মেনে গাড়ি চালানো ও পর্যাপ্ত ট্রাক চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের বিষয়ে মির্জাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, টাঙ্গাইল সদর উপজেলার করাতিপাড়া এলাকায় এলোপাথারিভাবে যান চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।এসএস/এমএস