দেশজুড়ে

মন্ত্রী আসবেন তাই গাড়ি বন্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লার দুটি ব্রিজ উদ্বোধন উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনে ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে সকল ধরনের যানবাহন বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। যানবাহন বন্ধ রাখায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ।

রোববার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পোস্তগোলা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর ও গোগনগর এলাকার নির্মাণকৃত ব্রিজ দুটি উদ্বোধন করবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রীর আগমন উপলক্ষে পোস্তগোলা থেকে পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, কাশিপুরসহ তার আশপাশের এলাকার রাস্তায় ইজিবাইক, রিকশা, সিএনজিসহ সব ধরনের যানবাহন বন্ধ রাখা হয়েছে। রাস্তার দু'পাশ থেকেও সব ধরনের গাড়ি সরিয়ে দেয়া হয়েছে। মালবাহীসহ ভারী যানবাহন চলাচল করলেও সেটা সীমিত। একটু পর পর ২-৩টি গাড়ি চলাচল করতে দিতে দেখা যাচ্ছে।

তবে পঞ্চবটির এলাকায় নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে প্রতিনিয়ত যে যানজট সৃষ্টি হয় তাতে করে মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। বিশেষ করে অবৈধ পরিবহন ইজিবাইকের যন্ত্রণা সহ্য করার মতো না। তাই সেতুমন্ত্রী যদি প্রতিদিন আসতেন তাহলে ভালো হতো।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস