নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী রোকসানাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মূল আসামি রায়হান কবির সোহাগের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় নাসিক ১০নং ওয়ার্ডের সাধারণ জনতাসহ গোদনাইল উচ্চ বিদ্যালয়, গোদনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ণমালা একাডেমির শিক্ষার্থী মাবববন্ধনে উপস্থিত ছিল।
মানববন্ধন থেকে গোদনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী রোকসানাকে ধর্ষণ এবং হত্যার দায়ে গ্রেফতাকৃত আসামি সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘রোকাসনার খুনির ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে উপস্থিত ছিলেন- নাসিক ১০নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি কাজী নাজমুল ইসলাম বাবুল, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি সংকর হালদার, গোদনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ মিয়া, গোদনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান ও মুক্তিযোদ্ধা আ. সালাম প্রমুখ।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রোকসানাকে গত ২৩ জানুয়ারি বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণ করা হয়।
২৬ জানুয়ারি সোনারগাঁয়ের কাইক্কারটেক ব্রিজের ঢালে রাস্তার পাশ থেকে হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ।
এ ঘটনায় ২৭ জানুয়ারি নিহত স্কুলছাত্রী রোকসানার বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। গত ২৯ জানুয়ারি পুলিশ রোকসানাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত আসামি রায়হান কবির সোহাগকে বন্দর থেকে গ্রেফতার করে।
হোসেন চিশতী সিপলু/এএম/এমএস