পাতানো ভাইয়ের কুপ্রস্তাব তার স্ত্রীর কাছে ফাঁস করবে বলায় শ্রাবণী রায় (৩০) নামে এক নারীকে কুপিয়ে রক্তাক্ত করেছেন যশোর পৌরসভার সচিব আব্দুল্লাহ-আল মাসুম।
বৃহস্পতিবার সকালে শহরের পশ্চিম বারান্দী খালধার রোড এলাকার ওই নারীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শ্রাবণী রায় জানান, পৌরসভার সচিব তার পাতানো ভাই। তা সত্ত্বেও সচিব তাকে কুপ্রস্তাব দিতেন। তিনি রাজি না হয়ে বিষয়টি মাসুমের স্ত্রীকে জানিয়ে দেয়ার কথা বলেন। এতে মাসুম ক্ষিপ্ত হয়ে বাসায় ঢুকে ছুরি দিয়ে আঘাত করে। এমনকি বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।
যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক আশরাফিন নাসরিন দৃষ্টি বলেন, শ্রাবণীর ডান পায়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এছাড়া তার মাথায় আঘাত করা হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সচিব আব্দুল্লাহ-আল মাসুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঘটনাস্থল ২ নম্বর ওয়ার্ডের মধ্যে। এ এলাকার ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ বলেন, ঘটনা সত্য। খালধার রোড এলাকাবাসী আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, এ বিষয়ে পুলিশের কাছে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মিলন রহমান/এএম/জেআইএম