দেশজুড়ে

সেন্টমার্টিনে ফের ৩ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিচ্ছিন্ন প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে ফের ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার ভোরে ছেড়াদ্বীপ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, ছেড়াদ্বীপে একদল পাচারকারী নৌপথে ইয়াবা পাচারের জন্য অপেক্ষা করছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে অফিসে আনার পর ৩ লাখ ইয়াবা পাওয়া যায়।

কোস্টগার্ড টেকনাফের ইনচার্জ ফয়জুল ইসলাম মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

উল্লেখ্য, বুধবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম অংশে ঝোপের ভেতর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) সদস্যরা। বিসিজির টেকনাফ পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন সেন্টমার্টিন্স কর্তৃক এ অভিযান চালানো হয়। এর দু'দিনের মাথায় শুক্রবার আবারও ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হলো। সায়ীদ আলমগীর/এফএ/এমএস