মৃত্যুর ৯ বছর পর ছফর আলী বিশ্বাস নামের এক ব্যক্তিকে মামলার সাক্ষী হিসেবে হাজিরা দিতে সমন জারি করেছেন আদালত। ঘটনাটি ঘটেছে যশোরের মনিরামপুর পৌর এলাকার মোহনপুর গ্রামে।
সমন জারি হওয়া ব্যক্তির নাম ছফর আলী বিশ্বাস। তিনি পৌর এলাকার মোহনপুর গ্রামের মৃত দ্বীন আলী বিশ্বাসের ছেলে। নয় বছর আগে তার মৃত্যু হয়েছে। আর যশোর জেলা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত থেকে তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালত থেকে এসটিসি-৪৬৬/০৯ মামলার ৪ সাক্ষীকে আগামী ৮ মে হাজিরা দিতে সমন জারি করা হয়। মনিরামপুর থানায় সমন জারির নোটিশ প্রাপ্তির পর গত ১৬ মার্চ সমন জারির নোটিশ তালিম করতে ৪ সাক্ষীর বাড়িতে যান থানার বখতিয়ার নামের এক পুলিশ সদস্য।
পাশাপাশি একই গ্রামের অপর ৩ সাক্ষী সাত্তার বিশ্বাস, তবিবুর রহমান ও মতিয়ার রহমানকে আদালতে সাক্ষী দিতে সমন জারি করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৯ সালে মাদক আইনে মামলায় ছফর আলী বিশ্বাসসহ এই ৪ জনকে সাক্ষী করা হয়। ছফর আলী বিশ্বাসের স্ত্রী রাবেয়া বেগম জানান, ৯ বছর আগেই তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। যার মৃত্যু সনদও রয়েছে। পুলিশ বাড়িতে এসে নোটিশ ধরিয়ে দিলে তারা ভয় পেয়ে যান এবং একইসঙ্গে হতবাক হন।
বাকি সাক্ষীদের মধ্যে মতিয়ার রহমান জানান, এ মামলার বিষয়ে তারা কিছুই জানেন না। এদিকে সমন তালিমকারী পুলিশ সদস্য বখতিয়ার হোসেন বলেন, মৃত্যুর বিষয়টি জানতে পেরে তাদেরকে মৃত্যুর সনদ জমা দিতে বলা হয়েছে।
মিলন রহমান/এএম/পিআর