দেশজুড়ে

অবশেষে কক্সবাজার কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

অবশেষে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির কার্যক্রম স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। কলেজ প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের চলমান সঙ্কট নিরসনে এ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক শাহ নিয়াজ। পাশাপাশি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহ নিয়াজ জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম সরকারি কলেজ শাখা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন। সেইসঙ্গে গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে জেলা ছাত্রলীগ সভাপতি/সম্পাদক বরাবর রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, নাজমুল হাসান শাকিল, দফতর সম্পাদক শাহ নিয়াজ, স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না ও উপ-দফতর সম্পাদক মইন উদ্দীন।

উল্লেখ্য, কলেজ প্রশাসনকে না জানিয়ে কলেজের পূর্বপাশে বিরোধপূর্ণ জমিতে একটি সড়ক নির্মাণ নিয়ে গত কয়েকদিন ধরে ঝামেলা চলছে। এ বিষয়ে প্রশাসনকে লিখিতভাবে অবহিত করে কলেজ প্রশাসন। এরপর সাধারণ ও পুরাতন শিক্ষার্থী এবং সচেতন নাগরিক সমাজ এ নিয়ে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরে স্বারকলিপি দেয়। এরপরই দ্বিতীয় সড়ক নির্মাণের কাজ স্থগিত করে উপজেলা প্রশাসন।

কিন্তু বিরোধপূর্ণ জমিটি দখলে নিতে ভাড়ায় সড়ক নির্মাণকারী চক্রটি উত্তেজিত হয়ে ওইদিন রাতে সেই জায়গায় মাটি ফেলছিল। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন অভিযান চালিয়ে মাটি ফেলার সময় চারজনকে আটক করে সাজা দেন। এনিয়ে সোমবার দুপুরে দিকে বহিরাগত ও ছাত্রলীগ নামধারী কলেজের কিছু শিক্ষার্থী কলেজে বিশৃংখলা সৃষ্টি করে। তারা প্রশাসনিক গেটে তালা ঝুলিয়ে দিলে অধ্যক্ষসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে ফোর্স নিয়ে সদর থানার ওসি ক্যাম্পাসে গিয়ে তালা ভেঙে তাদের উদ্ধার করেন।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর