দেশজুড়ে

বেনাপোলে উপ-নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ১০

যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ১০ সমর্থক আহত হয়েছেন।

আহতদের মধ্যে চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ইউনিয়নের বহিলাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটে। আহত মেহেদী হাসান শিপন (৩২), আল-আমিন (২৩), মিশন (৩০), মনা (২২), রিপনকে (২৮) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুবলীগের বেনাপোল পৌর কমিটির (মেয়র সমর্থিত) আহ্বায়ক সুকুমার দেবনাথ জানান, লক্ষ্মণপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী প্রয়াত সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ শান্তির স্ত্রী আনোয়ারা খাতুন। আর চশমা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান কামাল হোসেন।

বুধবার গভীর রাতে আনোয়ারার কর্মীরা নৌকার পক্ষে বহিলাপোতা গ্রামে ভোট চাইতে গেলে তাদের ওপর হামলা করে বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীরা।

এ সময় তারা ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদা দিয়ে কর্মীদের কুপিয়ে আহত করে। এতে মেহেদী হাসান শিপন, আল-আমিন, মিশন, মনা, রিপন, শামীম, হাফিজুর, রুবেল, কাদু, লাল্টু ও আইজেল আহত হয়।

খবর পেয়ে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গুরুতর চারজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, উপ-নির্বাচন ঘিরে মারপিট ও বোমাবাজির ঘটনায় ৮-১০ আহত হয়েছেন। আটটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মোঃ জামাল হোসেন/এএম/জেআইএম