শুক্রবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৪২ কিলোমিটার এলাকা ও মেঘনা সেতু থেকে কাচপুর পর্যন্ত দীর্ঘ যানজটের পর শনিবারও মহাসড়কের অবস্থা অভিন্ন।
জানা যায়, শুক্রবার রাতে যানজট কিছুটা কমে এলেও শনিবার ভোর থেকে আবার তীব্র আকার ধারণ করে। দাউদকান্দির টোলপ্লাজা থেকে যানজট গৌরিপুর স্টেশন ছাড়িয়ে যায়। যানজটের আটকা পড়ে যাত্রী ছাড়াও পণ্যবাহী যানবাহন, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ভিআইপিদের সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে।
যাত্রী ও চালকদের অভিযোগ, মেঘনা ও দাউদকান্দি সেতুতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে সংশ্লিষ্টদের অবৈধ বাণিজ্য এবং শনিবারও সরকারি ছুটির দিন হওয়ায় অতিরিক্ত গাড়ির চাপ ও বেপরোয়া গতিতে এলোমেলো গাড়ি চলাচলের কারণে যাত্রীরা ফোর লেনের তেমন সুফল পাচ্ছেন না।
তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম ফোর লেন সড়কের যানবাহনের গতি ডাবল লেনের মেঘনা গোমতী ব্রিজে গিয়ে যানজটে থেমে যাচ্ছে। তাই শনিবার ভোর থেকে মহাসড়কের গোমতী ও মেঘনা সেতু কেন্দ্রিক শুরু হওয়া যানজট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। শনিবার বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ এমনিতেই বেশি। এছাড়াও দাউদকান্দি ও মেঘনা সেতুতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং টোলপ্লাজায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে ধীরগতির কারণে কিছু যানজট আছে। তবে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
কামাল উদ্দিন/এফএ/এমএস