দেশজুড়ে

গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতিকে মাদক বিক্রেতাদের হুমকি

গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এবং জাগো নিউজের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীররের বাড়িতে গিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চরসোনাকুড় গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান বাবুলের ছেলে জনির নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী মোটরসাইকেলযোগে হুমায়ূন কবীরের শহরের নবীনবাগের বাড়িতে যায়। তাকে বাড়িতে না পেয়ে সাংবাদিকের বৃদ্ধ মাকে গালিগালাজ করে ও হুমায়ূনকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এর আগে ওই চিহ্নিত মাদকসেবীরা শহরের পাবলিক হল মোড়ে এসে সাংবাদিক হুমায়ূন কবীরকে সন্ধান করতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

পরে ওই মাদক বিক্রেতারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের একজন কর্মকর্তার অফিস কক্ষে বসে সাংবাদিকের হাত কেটে নেয়াসহ হত্যার হুমকি দেয়।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, সারা দেশে যখন সরকারের মাদকবিরোধী অভিযান চলছে ঠিক তখন মাদক বিক্রেতা ও মাদকসেবী কর্তৃক সাংবাদিককে মেরে ফেলার হুমকির ঘটনাটি জাতির জন্য দুর্ভাগ্যজনক।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় এ সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম