কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে দুর্বৃত্তদের পেট্রল বোমা হামলায় আট যাত্রী নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো ও জামিন শুনানি জেলা ও দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার আদালতের বিচারক বেগম জেসমিন আরা বেগম উভয়পক্ষের শুনানি শেষে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।
তবে রাত ৮টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের বলেন, আসামিপক্ষের শ্যোন অ্যারেস্টের আবেদন আইনসঙ্গত নয় মর্মে আমরা আদালতকে অবগত করেছি। আগামীকাল মঙ্গলবার এ মামলার আদেশ হতে পারে।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ অন্যান্য আইনজীবীরা।
অ্যাডভোকেট কাইমুল হক রিংকু আবেদনের শুনানি শেষে সাংবাদিকদের জানান, মামলাটির কার্যক্রম হাইকোর্ট থেকে স্টে (স্থগিত) ছিল। পরে স্টে ব্র্যাকেট হয়ে আসায় গত ১৭ মে এ মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো ও জামিনের আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ঠিক করেন। আশা করি আমরা ন্যায় বিচার পাব।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল ও অবরোধের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রল বোমা ছুড়ে মারে। এতে বাসের আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়।
কামাল উদ্দিন/আরএআর/জেআইএম