দেশজুড়ে

টেকনাফে ইউপি চেয়ারম্যানের গাড়িচালককে অপহরণ!

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক মুহাম্মদ নূরকে (২৭) অপহরণ করেছে দুর্বৃত্তরা।

গত ২৬ মে রাতে তাকে কিছু লোক বাড়ি থেকে ডেকে বের করে নিয়ে যায়। গত চারদিনে তিনি বাড়ি ফিরেননি। এ ঘটনায় টেকনাফ থানায় জিডি করেছেন তার বাবা।

তবে পাহাড়ে অবস্থান করা রোহিঙ্গা অপহরণকারী চক্র তাকে মুক্তিপণের জন্য অপহরণ করেছে কিনা এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

মুহাম্মদ নূর টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালীর নুরুল আমিনের ছেলে ও ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার সিআইপির ব্যক্তিগত গাড়িচালক।

জিডিতে উল্লেখ করা হয়, ২৬ মে রাত দেড়টার দিকে কিছু লোক বাড়ির বাইরে এসে ডাকলে গেঞ্জি ও লুঙ্গি পরে বের হয়ে তাদের সঙ্গে যায় নূর।

তবে তারা কারা ছিল সেটি বাড়ির কেউ খেয়াল করেনি। কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে একটি মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়।

এরপর চেয়ারম্যান বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে না পাওয়ায় প্রশাসনের বিভিন্ন বিভাগে জানানো হয়। এরপরও ছেলেকে ফিরে না পাওয়ায় পুরো পরিবার হতাশ হয়ে পড়ে।

হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার (সিআইপি) চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, এটা কল্পনারও বাইরে। এরপরও তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

টেকনাফ থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, এক যুবক নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ সব জায়গায় সতর্ক দৃষ্টি রেখে তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি