নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এমতাজ হোসেন নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এমতাজ হোসেন নীলফামারী সদর উপজেলার মুন্সীপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি চৌধুরীগাঁও এলাকার আক্তার ও মোক্তারের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল জানান, মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, দুর্বৃত্তরা নিহতের মাথায় লোহার রড বা কাঠ দিয়ে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি