দেশজুড়ে

গোপালগঞ্জে ডাকাতিকালে আটক ৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে বাস-ট্রাক থামিয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার চরবিকরা গ্রামের খবিরুল্লাাহ মন্ডলের ছেলে তোতা মন্ডল ওরফে চন্দন (৪৬), একই উপজেলার শ্রীরামকান্ত গ্রামের কাশেম মন্ডলের ছেলে হান্নান মন্ডল (৩৮) ও ঝিনাইদহের পানির ট্যাংকপাড়া এলাকার রজব আলী সরদারের ছেলে আবির হাসান মানিক (৩৫)। এদের মধ্যে তোতা মন্ডল ওরফে চন্দন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, রাত ৩টার দিকে উপজেলার ধুসর ব্রিজের কাছে রুমি ফিস ফিড মিল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে বাস ও ট্রাকের গতিরোধ করে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা নবনির্মিত ভাটিয়াপাড়া-টুঙ্গীপাড়া রেললাইন ধরে ভাটিয়াপাড়ার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজন তাদের পিছু নিলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। ডাকাতদের ছোড়া পাথরের আঘাতে আজিজুল শেখ (২৫) নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।

ওনি আরও জানান, পুলিশ ডাকাতদের লক্ষ্য করে গুলি ছুড়লে ডাকাত সদস্য তোতা মণ্ডলের ডান পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে তোতা মন্ডলসহ অন্য দুইজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত দুটি রামদা, দুটি ছোরা ও একটি গাছ কাটার করাত উদ্ধার করা হয়। আটকদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং আহত পুলিশ সদস্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস