দেশজুড়ে

পায়ুপথে বের হলো ১২টি স্বর্ণের বার

ভারতে পাচারের সময় মহিউদ্দিন ভুইয়া (৩৪) নামে এক যাত্রীকে ৬৫ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা। মঙ্গলবার সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ভবন থেকে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়।

আটক মহিউদ্দিন কুমিল্লা জেলার তিতাস থানার বড়াইকান্দি গ্রামের শাহরিয়ার ভুইয়ার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক সাইফুর রহমান বলেন, গোপন সংবাদে জানা যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে একজন যাত্রী স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশ্য ভারত যাচ্ছে। এ সময় চেকপোস্ট এলাকায় শুল্ক গোয়েন্দারা তৎপর হয়। এরপর সাইফুর নামে এক যাত্রী ইমিগ্রেশন শেষে ভারতে যাওয়ার সময় তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করে। পরে তাকে নাভারনের একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করলে তার পেটের মধ্যে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। এ সময় তাকে আবার বেনাপোল চেকপোস্ট কাস্টমসে এনে জুস ও পানি পান করালে তিনি পায়ুপথ দিয়ে ১২টি (এক কেজি ৩০০ গ্রাম) স্বর্ণের বার বের করে দেয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

আসামি মহিউদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ণ পাচার মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত সোনা বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা এই কর্মকর্তা।

মো.জামাল হোসেন/আরএ/জেআইএম